দেশের একমাত্র জেট ফুয়েল বিপণন প্রতিষ্ঠান পদ্মা অয়েলের নারায়ণগঞ্জ ডিপো থেকে ঢাকা বিমানবন্দর ডিপোতে জেট ফুয়েল প্রেরণকালে পথিমধ্য তেল চুরি পাচারের কয়েকটি ঘটনা সম্প্রতি বিভিন্ন পত্রিকায় প্রকাশিত হয়। এর মধ্যে ০১ নভেম্বর ১৬৫০০ লিটার চোরাই জেট ফুয়েলসহ একটি লরি চট্ট মেট্রো-৪১-০৮০৩ জব্দ হবার খবর বেশ আলোচিত হয়।

এছাড়াও তিনটি লরির (ঢাকা মেট্রো-ঢ-৪১-০৭৮৯, চট্ট মেট্রো-ঢ-৪১-০৬৫৬ এবং চট্ট মেট্রো-ঢ-৪১-০৭৭৪) ৫৪০০০ লিটার গোদনাইল পদ্মার ডিপো থেকে কেএডি ডিপোতে যাতায়াতের সময় নিয়ে এবং যথাযথভাবে তেল রিসিভ নিয়ে অভিযোগ রয়েছে। এসকল ঘটনায় ডিপো ইনচার্জ রিদোয়ানুর রহমানের সংশ্লিষ্ট থাকার অভিযোগ সামনে এসেছে। মালিক সমিতি ও লরি চালকেরা জানিয়েছেন ইনচার্জের পারমিশন ছাড়া কেউ এত বেশি পরিমাণ তেল বিক্রি করে না।
তদন্ত কমিটি গঠন
এসকল ঘটনার প্রেক্ষিতে অভিযুক্ত কর্মকর্তা রিদোয়ান রহমানকে স্বপদে বহাল রেখে পদ্মা অয়েল কর্তৃপক্ষ ২১ নভেম্বর তিন সদস্যের একটি তদন্ত কমিটি করে। কমিটিতে আছেন জনাব আলী আবছার (উপ মহা ব্যবস্থাপক অর্থ), জনাব শফিউল আজম (উপ মহা ব্যবস্থাপক, অডিট) এবং জনাব সফিকুল ইসলাম কর্মকর্তা (মানব সম্পদ)।
সংশ্লিষ্টরা মনে করছেন অভিযুক্তকে বাচানোর জন্যই নামসর্বস্ব তদন্ত কমিটি করা হয়েছে। এ বিষয়ে নাম প্রকাশে অনিচ্ছুক এক পদ্মা অয়েল কর্মকর্তা জানান “সাধারণত অভিযুক্তকে স্বপদে বহাল রেখে তদন্ত কার্যক্রম পরিচালিত হয়না তাতে তদন্ত কাজ প্রভাবিত হতে পারে, মনে হচ্ছে তাকে ফেভার করার জন্যই এমনটি করা হয়েছে”। এছাড়া এই কমিটিতে পরিচালনা বিষয়ে অভিজ্ঞ কোন কর্মকর্তাকে না রাখার বিষয়টি নিয়েও চলছে নানান জল্পনা-কল্পনা।
উল্লেখ্য যে, পদ্মা অয়েলের গত ১১ মার্চ ৭২০০০ লিটার জেট ফুয়েল গায়েবের ঘটনায় মুল অভিযুক্ত ততকালীন ম্যানেজার সাইদুল হককে পদ থেকে তাতক্ষণিক সরিয়ে দিয়ে তদন্ত কমিটি করা হয়েছিল এবং পরবর্তীতে তাকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়। একইভাবে গত মে মাসে চট্টগ্রামের শাহ্ আমানত বিমানবন্দরে ৯০০০ লিটার চোরাই জেট ফুয়েল জব্দের ঘটনায় অভিযুক্ত কর্মকর্তা সোহেল ইদ্রিসকে সরিয়ে দিয়ে তদন্ত কমিটি করা হয় এবং পরবর্তীতে তাকেও বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়।
বারবার কেন জেট ফুয়েল চুরির ঘটনা ঘটছে?
সাম্প্রতিক সময়ে পদ্মার গোদনাইল ডিপো থেকে শাহজালাল বিমানবন্দরে যাবার সময় জেট ফুয়েল চুরির কয়েকটি ঘটনা সামনে এসেছে। এ বিষয়ে একজন ট্যাঙ্কলরী মালিক এই প্রতিবেদককে বলেন- “ডিপোর সাহেব খারাপ হলে, এমন হবেই। ম্যানেজার কয়েকটা গাড়ির মাধ্যমে তেল বেচে দেয়, ম্যানেজার না বললে কোন ড্রাইভার তেল বেচার সাহস করে নাকি?” খোজ নিয়ে জানা যায় রিদোয়ান রহমানের বিরুদ্ধে দুর্নীতি ও তেল বেচার অভিযোগ পুরোনো। তিনি চট্টগ্রামের প্রধান স্থাপনায় জেটিতে থাকা অবস্থায় ট্যাঙ্কারে তেল বেচে দিতেন।
পদ্মা অয়েলের চট্টগ্রামস্থ একজন কর্মকর্তা জানান – “আদতে রেদোয়ানের ডিপো পরিচালন সংক্রান্ত কোন দক্ষতা বা অভিজ্ঞতা নেই। উপরের কয়েকজন কর্মকর্তাকে তিনি মোটা অংকের মাসোয়ারা দেন বিধায় ধরা ছোয়ার বাইরে আছেন। আমি আপনাকে বলতে পারি এই তদন্ত-ফদন্ত সব ভূয়া, মানে উনাকে হোয়াইট সার্টিফিকেট দেবার জন্য আয়োজন। এমন কোনদিন হইছে যে মূল অভিযুক্তকে চেয়ারে রেখে তদন্ত হয়? ভাই, যেটার সাথে এমডি নিজেই জড়িত আপনি আর কি বলবেন? বুঝে নেন বাকিটা” ডিপো ইনচার্জ পদায়নের ক্ষেত্রে বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন তেল বিপণন কোম্পানিগুলোকে গত ১৬ জুন ২০২৫ সালে একটি নির্দেশনা জারি করে যেখানে কর্মকর্তা পেশাগত জ্ঞান, অভিজ্ঞতা ও দক্ষতাকে অগ্রাধিকার দেবার কথা বলা হয়েছিল।
এ বিষয়ে মন্তব্যের জন্য পদ্মা অয়েলের এমডি মফিজুর রহমান ও এজিএম শাকিল মাসুদকে মুঠোফোনে যোগাযোগ করা হলেও তারা কল ধরেননি।