রাষ্ট্রীয় প্রতিষ্ঠান পদ্মা অয়েলের ৫৪ হাজার জেট ফুয়েলের যাত্রা ও পদ্মা অয়েলের বিমানবন্দর ডিপোতে (কেএডি) গ্রহণ নিয়ে নানান প্রশ্ন উঠেছে। প্রশ্ন উঠেছে, আদৌ এই তেল ডিপোতে রিসিভ করা হয়েছে নাকি মাঝপথেই গায়েব করে দিয়েছে তেল চোর চক্র!

নারায়ণগঞ্জের গোদনাইল পদ্মা অয়েলের ডিপো থেকে প্রতিদিন প্রায় ১৮-২০ হাজার মেট্রিকটন বিমানের জ্বালানি তথা জেট ফুয়েল ট্যাংক লরীর মাধ্যমে পদ্মা অয়েলের বিমানবন্দর ডিপোতে (কেএডি) প্রেরণ করা হয়। গত ০৭ নভেম্বর ১৮০০০ লিটার ধারণ ক্ষমতা সম্পন্ন তিনটি ট্যাংকলরী পদ্মার বিমান বন্দর ডিপোতে রিসিভ করা নিয়ে উঠেছে নানা প্রশ্ন এবং মিলেছে নানা অসংগতি। প্রতিবেদকের হাতে লরি তিনটির কপি এসেছে। লরি তিনিটির নম্বর হল - ঢাকা মেট্রো-ঢ-৪১-০৭৮৯, চট্ট মেট্রো-ঢ-৪১-০৬৫৬ এবং চট্ট মেট্রো-ঢ-৪১-০৭৭৪। গাড়ি তিনটির চালান বিশ্লেষন করে নানা অসংগতি পাওয়া গেছে, ধারণা করা হচ্ছে গাড়ি বিমানবন্দর ডিপোতে পৌছেনি কিন্তু কাগজে –কলমে এই তিনিটি গাড়ির ৫৪০০০ লিটার তেল রিসিভ দেখানো হয়েছে।

ঢাকা মেট্রো-ঢ-৪১-০৭৮৯ নম্বর গাড়ির চালান বিশ্লেষণ করে দেখা যায় যে – গাড়িটি নারায়ণগঞ্জের গোদনাইল ডিপো থেকে লোড নিয়ে ০৭ নভেম্বর দিবাগত রাত ০২ টা ৪৭ মিনিটে ডিপো থেকে বের হয়, কিন্তু বিমানবন্দরের কেএডি ডিপোতে ০৭ নভেম্বর রাত ০৯ টা ২০ মিনিটে গাড়িটি রিসিভ দেখানো হয় অর্থাৎ নারায়ণগঞ্জ থেকে বিমানবন্দর পৌছাতে সময় লেগেছে ২১ ঘন্টা যা মোটেই স্বাভাবিক নয়। এত দীর্ঘ সময় গাড়িটি কি করেছিল? যে প্রশ্ন থেকে যায়। গাড়িটির চালানের সিরিয়াল নম্বর ২৬০৪৪৬৭৩। সাধারণত পদ্মা অয়েলের গোদনাইল ডিপো থেকে বিমানবন্দর ডিপোতে পৌছাতে ৩-৪ ঘন্টা সময় লাগে ট্রাফিক জ্যাম থাকলে যা সর্বোচ্চ ৫-৬ ঘন্টা হতে পারে তবে ভোর রাতে যেসকল গাড়ি চলাচল করে তাদের ক্ষেত্রে ২ ঘন্টার বেশি সময় লাগার কোন যৌক্তিকতাই নেই।
চট্ট মেট্রো-ঢ-৪১-০৭৭৪ নম্বর গাড়ির চালান বিশ্লেষণ করে দেখা যায় যে – গাড়িটি নারায়ণগঞ্জের গোদনাইল ডিপো থেকে লোড নিয়ে ০৭ নভেম্বর দিবাগত রাত ০১ টা ৪৬ মিনিটে ডিপো থেকে বের হয়, কিন্তু বিমানবন্দরের কেএডি ডিপোতে ০৭ নভেম্বর রাত ১১ টা ২৩ মিনিটে গাড়িটি রিসিভ দেখানো হয়। এটা কি করে সম্ভব? গাড়িটি নারায়ণগঞ্জের গোদনাইল ডিপো থেকে বের হয়েছে রাত ০১ টা ৪৬ মিনিটে অথচ একই তারিখে বিমানবন্দর ডিপোতে রিসিভ দেখানো হয়েছে রাত ১১ টা ২৩ মিনিটে। গাড়িটির চালান নম্বর- ২৬০৪৪৬৬৬।
নাম প্রকাশ না করার শর্তে পদ্মা অয়েলের এক কর্মকর্তা এই প্রতিবেদকে বলেন – “গাড়ি তিনটি আদৌ বিমানবন্দর ডিপোতে পৌছেছে কিনা সেটা নিয়ে সন্দেহের যথেষ্ট অবকাশ আছে। ডিপোর বর্তমান ম্যানেজারের সংশ্লষ্টতা ছাড়া এত বিপুল পরিমাণ তেল নয়-ছয় করার সুযোগ নেই। ডিপোর সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করলেই সত্যতা বের হয়ে আসবে।”

উল্লেখ্য যে গত ৩১ অক্টোবর শনিবার রাতে চোরাই তেল সহ চট্ট মেট্রো-৪১-০৮০৩ গাড়িটি নারায়ণগঞ্জ গোয়েন্দা পুলিশ জব্দ করে এবং গাড়ির মালিক ও ড্রাইভারের বিরুদ্ধে মামলা দায়ের করে। এ বিষয়ে বিপিসি’র একটি কমিটির মাধ্যমে তদন্ত কার্যক্রম চলমান রয়েছে।
এসব ঘটনার সাথে বর্তমান ডিপো ইনচার্জ রিদোয়ান রহমান ও ব্যবস্থাপক হামিদুল্লাহ সাদেকের জড়িত থাকার বিষয়ে গুঞ্জন থাকলেও কর্তৃপক্ষ নিরব।
এমনিউজবিডি/রেজা/নোমান